Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
‘COSMIC ENIGMA SCHOOL OUTREACH Programme’সেমিনার

‘COSMIC ENIGMA SCHOOL OUTREACH Programme’সেমিনার

১ জুলাই, ২০২৬: হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ক্লাব এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রথিতযশা সংগঠন ‘COSMIC ENIGMA’-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য মহাকাশ বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। "Exploring the Universe, Inspiring the Future" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ‘স্কুল আউটরিচ প্রোগ্রাম’-এ প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। কসমিক এনিগমার পক্ষ থেকে চার(০৪) সদস্যের একটি প্রতিনিধি দল সেমিনারে মূল বক্তা ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে কসমিক এনিগমার সদস্য সালমান তাহমিদ শুভেচ্ছা ও সূচনা বক্তব্যের মাধ্যমে সেমিনারের মূল কার্যক্রমের অবতারণা করেন। এরপর প্রথম সেশনে সংগঠনের মডারেটর হাসান মুরাদ মহাকাশ বিজ্ঞান ও এর বিভিন্ন শাখা-উপশাখা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে বক্তা মেহেদী হাসান তুর্য এবং হাসান সজীব শিক্ষার্থীদের সামনে তারাদের জন্ম, গ্যালাক্সি এবং মহাবিশ্বের অজানা সব রহস্য অত্যন্ত আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করেন। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে মহাবিশ্বকে জানার আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানের মতো আধুনিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জনের প্রতি তাগিদ দেন। তিনি বলেন, এই ধরনের বিজ্ঞানভিত্তিক সেমিনার শিক্ষার্থীদের যৌক্তিক ও সৃষ্টিশীল চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করবে। তিনি তরুণ প্রজন্মের বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং কসমিক এনিগমা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

​অনুষ্ঠানের শেষে চমৎকার আয়োজনের জন্য কসমিক এনিগমার সম্মানিত সদস্যদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


Total Views : 6