০৯ মে, ২০২৬ | হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে এক ফলপ্রসূ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধানশিক্ষক ডালিয়া বড়ুয়া, সমন্বয়কারী আয়শা আক্তার এবং সংশ্লিষ্ট শ্রেণির শ্রেণিশিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, শৃঙ্খলা, কৈশোরকালীন মানসিক ও আচরণগত পরিবর্তন, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের প্রস্তুতি বিষয়ে অভিভাবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শুরুতে শ্রেণিশিক্ষকদের পরিচিতি পর্বের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়।
সভায় সাইকোলজিস্টের পরিচালনায় ইতিবাচক জীবনদৃষ্টিভঙ্গি গড়ে তোলার কৌশল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অভিভাবকদের মূল্যবান মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জীবনে এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই তাদের প্রতি দায়িত্বশীল, সচেতন ও সহমর্মী আচরণের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবজ্ঞান, আত্মবিশ্বাস ও পরিবর্তনশীল সামাজিক বাস্তবতায় অভিযোজন সক্ষমতা অর্জনও সমান জরুরি।
সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে অধ্যক্ষ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এ আয়োজন অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় যোগাযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এক ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।