আজ ১৮ মে ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “বিজ্ঞান মেলা–২০২৬”। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানা, পিজিবিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারি প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া।
চট্টগ্রামের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ৫০০-এর অধিক শিক্ষার্থী ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন—এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ২৩০টি প্রজেক্ট উপস্থাপন করে। মেলার সার্বিক দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল মান্নান চৌধুরী।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্তী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক। সমাপনী বক্তব্যে বিচারকবৃন্দ পুরাতন মডেলের পুনরাবৃত্তির পরিবর্তে নতুন, সৃজনশীল ও উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক মডেল উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। অধ্যক্ষ মহোদয় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা কামনা করে বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান ও ফটোসেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।