চট্টগ্রাম, ০৩ জুলাই ২০২৫।
মৌসুমি ফলের প্রদর্শনী উপলক্ষ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ফল উৎসবের আয়োজন করে। ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মোঃ আতিকুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, কমান্ড্যান্ট- আর্টিলারি সেন্টার ও স্কুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, গভর্ণিং বডির সদস্য, শিক্ষকবৃন্দ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে দেশীয় মৌসুমি ফলের সাথে পরিচিত করাতে ও ফলের বিভিন্ন পুষ্টি গুণ সম্পর্কে জানাতে এই উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে ফল উৎসব পরিদর্শন করে। গভর্ণিং বডির চেয়ারম্যান উপস্থিত শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল খেতে উৎসাহ প্রদান করেন এবং প্রতিষ্ঠান কর্তৃক এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।