Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অভিভাবক মতবিনিময় সভা

কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অভিভাবক মতবিনিময় সভা

০২ এপ্রিল ২০২৬ তারিখে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির উভয় ভার্সনের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে এক আন্তরিক ও ফলপ্রসূ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের সুন্দর শিক্ষা, মানসিক বিকাশ, শৃঙ্খলা ও আনন্দময় ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধানশিক্ষক ডালিয়া বড়ুয়া, সমন্বয়কারী জেসমিন আক্তার এবং সংশ্লিষ্ট শ্রেণির শ্রেণি শিক্ষকবৃন্দ।

সভায় শুরুতেই শ্রেণি শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের পড়াশোনা, আচরণ, শৃঙ্খলা, আনন্দের সঙ্গে শেখা এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষভাবে ছোট শিশুদের মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ব গঠন, ভালো অভ্যাস তৈরি এবং বর্তমান সামাজিক বাস্তবতায় ইতিবাচকভাবে বেড়ে ওঠার বিষয়ে সাইকোলজিস্টের একটি তথ্যবহুল সেশন অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অভিভাবকদের মূল্যবান মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং শিশুদের ভবিষ্যৎ গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দিতে হবে, যাতে তারা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও আহ্বান জানান, শিশুদের প্রতি ভালোবাসা, ধৈর্য, সচেতনতা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের শেখার পথকে আনন্দময় করে তুলতে হবে।

সভা শেষে সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সকল অভিভাবককে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এই আয়োজন শিশুদের কল্যাণে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।


Total Views : 3