গত ০৭-০৫-২০২৬, বৃহস্পতিবার ১৩০০ ঘটিকায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচ এস সি ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটি মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ, কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,বক্তা হিসেবে আমন্ত্রিত সাবেক শিক্ষার্থী এবং এইচ এস সি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও চর্চার মাধ্যমে অসাধারণ একাডেমিক সাফল্য অর্জন সম্ভব তা আমন্ত্রিত বক্তাদের বক্তব্যে উঠে আসে।
উপাধ্যক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাবেক শিক্ষার্থী কাশফা বিনতে ঐশী ( এইচ এস সি ২০২৩ ব্যাচ) শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলের জন্য খাতায় কিভাবে লিখবে এবং উত্তর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলাপ করে। সাবেক শিক্ষার্থী জুমানা জান্নাহ ( এইচ এস সি ২০২৫ ব্যাচ) কিভাবে প্রচেষ্টা জারি রেখে কঠিন বিষয় গুলোকে সহজে বুঝে নেওয়া যায় সে বিষয়ে আলোকপাত করে।
জনাব মাহবুব আহসান, প্রভাষক - ফিন্যান্স ও ব্যাংকিং তার বক্তব্যে শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় খাতা কাটার নিয়মনীতির আলোকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
অধ্যক্ষ মহোদয় বক্তা হিসেবে আগত সাবেক শিক্ষার্থীদের তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, বিগত সময়ে তাদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি এইচ এস সি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে এমন কৃতিত্ব অর্জনে উদ্বুদ্ধ করেন।