গত ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় আন্তঃহাউস কুইজ প্রতিযোগিতা ‘ব্রেইন ট্রাস্ট’। কলেজ শাখার প্রভাষক মো. মনিরুল ইসলাম-এর সঞ্চালনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ গোলাম মোর্শেদ,পিএসসি। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সকল প্রতিযোগীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রায় একশত শিক্ষার্থীর অংশগ্রহণে তিনটি হাউজের দলগুলো বিভিন্ন পর্যায়ের চারটি আকর্ষণীয় রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং দলগত সমন্বয়ের চমৎকার প্রকাশ ঘটে। প্রতিটি রাউন্ডে প্রতিযোগীদের উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যে পুরো মিলনায়তন মুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন। তাঁদের সার্বিক সহযোগিতা ও দক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ নম্বর অর্জন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউজ (গ্রিন হাউস) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। এছাড়া বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ (রেড হাউস) রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। শিক্ষার্থীদের মেধা, জ্ঞানচর্চা ও আত্মবিশ্বাস বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।