বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) চট্টগ্রাম কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে গত ২৪ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে সপ্তাহব্যাপী “রেজিমেন্ট কালেক্টিভ–২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে কর্ণফুলী রেজিমেন্টের ১১, ১৪ ও ১৫ ব্যাটালিয়নের অধীন ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৩৪ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্যাডেটদের মধ্যে আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠার মাধ্যমে শুরু হতো ক্যাডেটদের ব্যস্ত দিন। পিটি, প্যারেড ও সামরিক অনুশীলনের পাশাপাশি তাদেরকে প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন মহড়া, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিকেলে থাকত খেলাধুলা ও শরীরচর্চার আয়োজন, আর সন্ধ্যায় ক্যাডেটদের নিজস্ব অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি দিনের পরিসমাপ্তিকে করে তুলত প্রাণবন্ত ও আনন্দময়। ভোর থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ দায়িত্বে সম্পন্ন করার মাধ্যমে ক্যাডেটরা আত্মনির্ভরশীলতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় সারির সৈনিক হিসেবে প্রয়োজনীয় বিভিন্ন সামরিক প্রশিক্ষণেও তারা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এবারের ক্যাম্পে চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শাখা থেকে ৭ জন মেয়ে ও ৬ জন ছেলে ক্যাডেটসহ মোট ১৩ জন অংশগ্রহণ করে। তাদের গৌরবোজ্জ্বল সাফল্যের মধ্যে বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় চারজন ক্যাডেট প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়াও দুজন ক্যাডেট বিএনসিসি কর্তৃক পরিচালিত বাংলাদেশ বেতারের “দৃপ্ত শপথ” অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মনোনীত হয়, যা প্রতিষ্ঠানটির জন্য বিশেষ গর্বের বিষয়।
সার্বিকভাবে, “রেজিমেন্ট কালেক্টিভ–২০২৬” ছিল ক্যাডেটদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উজ্জীবিত করার এক অনন্য প্রশিক্ষণ অভিজ্ঞতা।